কিছু কিছু ঘটনা দেখলে মনে হয় পৃথিবীতে মানবতা আর ভালোবাসা শব্দটা এখনো বেঁচে আছে৷ 
চীনের ইউনান প্রদেশের এক তরুণ, নাম জু চেনহং। ছোটবেলাতেই বাবাকে হারায় সে। এরপর তার মা দুই ছেলেকে দাদির কাছে রেখে অন্য একজনকে বিয়ে করে চলে যান। কিছুদিন পর দাদিও মারা যান। এরপর থেকেই দুই ভাইয়ের জীবনে শুরু হয় কঠিন এক সংগ্রাম।
কখনো ডেলিভারি বয়, কখনো নির্মাণশ্রমিক, আবার কখনো অন্য কোনো কাজ৷ জীবন চালাতে যত রকমের পরিশ্রম করা সম্ভব, সবই করেছে দুই ভাই।
এভাবেই বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি খেটে নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করার জন্য কিছু টাকা জমিয়েছিল চেনহং। প্রায় ২৫ হাজার ডলার৷
কিন্তু বিয়ের আয়োজন করতে গিয়ে সে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হলো। বিয়েতে দাওয়াত দেওয়ার মতো পরিচিত মানুষই যে তার তেমন নেই!
শেষ পর্যন্ত চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ডুইনে একটি খোলা আমন্ত্রণ জানিয়ে পোস্ট করে সে। সেখানে তার কথাগুলো ছিল এমন, “আপনারা আমার বিয়ের ভোজে আসুন। দিনটিকে মানুষের উপস্থিতিতে ভরিয়ে তুলুন। আমি সবার খাবারের ব্যবস্থা করব।
সারা জীবন মানুষ আমাকে অবহেলা করেছে। জীবনে অন্তত একবার আমি চাই, আমার গ্রামের রাস্তার দুপাশে সারি সারি গাড়ি থাকুক। আমি যেন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি!”
পোস্টটি দেওয়ার সময় হয়তো সে নিজেও ভাবেনি, তার এই ছোট্ট আবদার একদিন এত বড় ঘটনায় পরিণত হবে।
কিন্তু এরপর যা ঘটল, তা সত্যিই অবিশ্বাস্য!
পোস্টটি ভাইরাল হয়ে যায়। চীনের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ছুটে আসতে শুরু করে তার বিয়েতে। শেষ পর্যন্ত অতিথির সংখ্যা দাঁড়ায় ১০ হাজারেরও বেশি!
আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, কেউ শুধু দাওয়াত খেতে আসেনি। প্রত্যেকেই যেন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে এসেছে।
কেউ এনেছে ট্রাকভর্তি ফলমূল ও শাকসবজি, কেউ গবাদিপশু, আবার কেউ উপহার হিসেবে নিয়ে এসেছে ফ্রিজ, এমনকি আস্ত গাড়িও!
এত বিশাল আয়োজন সামলাতে প্রায় ১৫০ জন শেফ রান্নার দায়িত্ব নেন। আর হাজার হাজার মানুষ স্বেচ্ছায় খাবার প্রস্তুত করা থেকে শুরু করে কাটা-ধোয়া ও পরিবেশনের কাজে হাত লাগান।
শুধু একটি বিয়েই নয়, পুরো গ্রামটাই যেন বদলে যায় এই আয়োজনকে ঘিরে। চায়না মোবাইল সেখানে প্রথমবারের মতো ৫জি টাওয়ার স্থাপন করে। বিভিন্ন রাস্তায় নতুন করে আলোর ব্যবস্থা করা হয়। এতদিনের অখ্যাত গ্রামটি রাতারাতি পরিণত হয় এক বিশাল উৎসবের কেন্দ্রে।
যে ছেলেটি ছোটবেলা থেকে অবহেলা আর অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যার বিয়েতে অতিথি হওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল, সেই ছেলের বিয়েতেই শেষ পর্যন্ত হাজির হয় হাজার হাজার অপরিচিত মানুষ!
ভাবতে ভালো লাগে, পৃথিবীতে এখনো এমন মানুষ আছে, যারা অন্যের চোখের একটুখানি স্বপ্ন পূরণ করতে হাজার মাইল পাড়ি দিতে পারে।
রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ মানুষের আপন হতে পারে। আর মানবতার সৌন্দর্য বোধহয় ঠিক এখানেই। 