ভারতের মেঘালয় সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ ঘটনাস্থল শনাক্ত করে। রঞ্জিত সরকার সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রঞ্জিত সরকার। ভিডিওতে দেখা গেছে, রাতে সামিয়ানা টাঙিয়ে সভার আয়োজন করা হয়েছে। দুজন ব্যক্তি একটি ব্যানার ধরে রেখেছেন। মঞ্চে একাই বক্তব্য দেন রঞ্জিত সরকার। সভাটি ছিল সুনামগঞ্জ-১ আসনকেন্দ্রিক। শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সভার স্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এ নিয়ে সংশ্লিষ্ট চার পক্ষের কাছ থেকে চার ধরনের বক্তব্য পাওয়া যায়। সুনামগঞ্জ পুলিশ জানায়, সভাটি সিলেটে হয়েছে। সিলেট পুলিশ দাবি করে, সভাটি সুনামগঞ্জে হয়েছে। অন্যদিকে বিজিবি ও স্থানীয় বিএনপি নেতারা জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় এ ধরনের কোনো সভা হয়নি।
এ অবস্থায় ভাইরাল ভিডিওতে উপস্থিত থাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রঞ্জিত সরকার ওই সভা করেছেন।
পরে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায়। সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ গিয়ে সভার স্থান শনাক্ত করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, শিক্ষা সফরের কথা বলে গত ৮ নভেম্বর একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টানানো হয়েছিল। পরে হঠাৎ রঞ্জিত সরকার সেখানে উপস্থিত হন। এরপর ব্যানার পরিবর্তন করে কয়েক মিনিট বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি ভারতে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে