কোয়ার্টার ফাইনালের আগে সুখবর পেলেন মিশরের কোচ… See more

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মাথা উঁচু করেই ফিরেছে মিশর। আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বড় সুখবর পেয়েছেন দলটির প্রধান কোচ হোসাম হাসান। তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে ইএফএ জানায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি আরও চার বছরের জন্য নবায়ন করা হয়েছে।

মাত্র দেড় বছরের দায়িত্বেই মিশরের ফুটবলে নতুন প্রাণ ফিরিয়েছেন ৫৯ বছর বয়সী এই কোচ। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর দলকে পৌঁছে দেন আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে। আর এবারের বিশ্বকাপে গড়েছেন ইতিহাস।

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় মিশর। এরপর বেলজিয়াম ও ইরানের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা করে নেয় নকআউট পর্বে। শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে আরও এক ইতিহাস গড়ে ফারাওরা।

সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের পারফরম্যান্স। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে লিওনেল মেসিদের চাপে ফেলে দিয়েছিল মিশর। যদিও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। তবু সাহসী ফুটবল আর দুর্দান্ত কৌশলের জন্য প্রশংসায় ভাসেন হোসাম হাসান।

কোচ হওয়ার আগেও তিনি ছিলেন মিশরের ফুটবলের এক কিংবদন্তি। ১৭৭ আন্তর্জাতিক ম্যাচে ৬৯ গোল করে এখনও দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি।

তাই খেলোয়াড় হিসেবে গড়া ইতিহাসের পর, এবার কোচ হিসেবেও মিশরের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব থাকছে তার কাঁধেই। ২০৩০ সাল পর্যন্ত হোসাম হাসানের ওপরই আস্থা রাখছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *